রাতে মাঠে নামছে তিন স্প্যানিশ জায়ান্ট

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৮:২৩
স্প্যানিশ লিগে শিরোপা নিশ্চিত করতে একই দিনে মাঠে নামছে তিন শিরোপা প্রত্যাশী স্প্যানিশ ক্লাব। পয়েন্ট টেবিলের চিত্রটা এখন এমন, জায়ান্ট তিন দল বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ যে কারও ঘরেই যেতে পারে শিরোপা।
 
অথচ কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে লিগ জয়ের সুবাস পাচ্ছিল বার্সেলোনা। কিন্তু মেসি-সুয়ারেজরা টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
 
শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। এমন সমীকরণ মাথায় রেখে রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে ক্লাব তিনটি।
শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে রোনালদোবিহীন রিয়াল। স্তাদিও দেল রায়ো ভায়োকানোতে আতিথিয়েতা নিতে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
রাত সোয়া ১০টায় ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে মালাগার বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো। আর রাত সাড়ে ১২টায় ন্যু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবে স্পোর্টিং গিজন।