দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নিয়েছে, তা ফেরত দিতে হবে। নইলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর পলাশীর ব্যানবেইজ ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের দপ্তরে সততা কর্ণার পরিদর্শনকালে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. মনজুর হোসেন বক্তৃতা করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন থেকে শিক্ষা ক্ষেত্রে যে সকল সুপারিশ প্রেরণ করা হয়েছে তা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সক্রিয় রয়েছে।
তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অনৈতিক কার্যক্রম অনেকটা স্তিমিত হয়েছে। আমরা চাই আমাদের সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করুক। বাসস।
ইত্তেফাক/এমআই
