রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্রের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৫৭

 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন বাংলাদেশ-ভারত কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্রের অভ্যন্তরে পাইলিং কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে কর্মরত দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকালে রামপাল তাপ বিদ্যুত্ কেন্দ্রের অভ্যন্তরে কাজ করার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই নির্মাণ শ্রমিকের নাম নাসির উদ্দিন ও আসাদুর রহমান। নিহত নাসির চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালিনগর গ্রামের আনসার আলীর ছেলে ও আসাদুর রহমান বাগেরহাটের রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।  এর আগে (চলতি মাসের) ৩ মার্চ এই একই বিদ্যুত্ কেন্দ্রে কনটেইনার চাপা পড়ে নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামে আরো দুই নির্মাণ শ্রমিক নিহত হয়।

রবিবার সকালে ক্রেনের তার ছিঁড়ে কর্মরত দুই নির্মাণ শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান জানান, শনিবার সকালে রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুত্ কেন্দ্রে প্রতিদিনের মত কাজ করছিল শ্রমিকরা এ সময় পাইলিং কাজের ক্রেনের তার ছিঁড়ে নাসির উদ্দিন নামের একজন নিহত ও আসাদুর রহমান নামে অপর এক নির্মাণ শ্রমিক গুরুত্বর আহত হয়। পরে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আসাদুরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকেও মৃত ঘোষণা করেন।