বিভিন্ন স্থানে গ্রেফতার চার, মাদক উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৫৮

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এবং বিজিবি চারজনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল: শনিবার রাতে বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগর গলি এলাকায় এসআই জগদীশ চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ মিলন কাজীকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই রাতে নগরীর রুপসী লেন থেকে এসআই মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া (বরিশাল): থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা-বেচার গোপন খবর পেয়ে শনিবার সন্ধ্যার পর ওসি (তদন্ত) নকিব আকরামের নেতৃত্বে মাদক উদ্ধারের অভিযান চালায় পুলিশ। অভিযানে উপজেলার সীমান্তবর্তী এলাকা কুমারভাঙ্গা থেকে কালুপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত ও তার সহযোগী শামীম সরদারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ধামইরহাট (নওগাঁ): রবিবার ভোরে ধামইরহাটের রামচন্দ্রপুর সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ১৪ নং বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, উপজেলার শিমুলতলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাসিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলারের বাংলাদেশ অভ্যন্তরে ৩শ গজের মধ্যে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা এগুলো ফেলে পালিয়ে যায়।