মহান মে দিবস পালন উপলক্ষে সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার ঘোষণা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস পালন উপলক্ষে যৌথ সভা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিজভী আহমেদ বলেন, সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার জন্য ২৭ মার্চ শ্রমিকদল উদ্যান কর্তৃপক্ষকে অনুমতির জন্য চিঠি দিয়েছে। তারা জানিয়ে ছিলেন, পুলিশের অনুমতি নিয়ে সমাবেশের অনুমতি দিবেন। কিন্তু তারা এখন পর্যন্ত অনুমতি না দেয়ায় গত ২২ এপ্রিল শ্রমিক দল আবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।
তিনি জানান, আমরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমতি পাওয়ার পর সমাবেশের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নিব।
বিএনপির এই নেতা বলেন, সমাবেশের জন্য শ্রমিক এলাকা নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার এলাকার শ্রমিকরা যাতে সমাবেশে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বিএনপি।
