খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রড বোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা পৌনে ১১টার দিকে বাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
তারা হলেন- চালক জয়ন্ত ত্রিপুরা (২২) ও আরোহী সুকেন্দ্র ত্রিপুরা (৪৫)। তাদের বাড়ি গুইমারা উপজেলার পুনকি চন্দ্র কার্বারীপাড়া এলাকায়।
পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। ট্রাকটি বাইল্যাছড়ি পৌর টোল কেন্দ্র এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
দ্রুত গতির ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে টোলকেন্দ্রে অপেক্ষমাণ অন্য একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সেটিও ধুমড়ে মুচড়ে যায়। তবে পিকআপ ভ্যানের চালক ও সহকারী বাইরে থাকায় তাদের ক্ষতি হয়নি।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
