ইত্তেফাক রিপোর্ট
ভাষা সংগ্রামী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ওসমান গণি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওসমান গণি চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জে বাদ আসর এই ভাষা সৈনিকের জানাজা শেষে শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।
ভাষা সংগ্রামী ওসমান গনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুই সপ্তাহ আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এ সদস্যকে। এই ভাষা সংগ্রামীর মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। ছিলেন ভাষা সংগ্রামী আব্দুল মতিনের অন্যতম সহযোগী।
