ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি ১২ জুলাই

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৪:১১
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১২ জুলাই ধার্য করেছে আদালত।
 
রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ধার্য করেন।
 
ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান,  রবিবার মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি আপিল বিভাগে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকায় আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১২ জুলাই দিন ধার্য করেন।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটায়। এ ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ৩৬ নেতা-কর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।