পাকিস্তান ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী ওয়াকার: রাজ্জাক

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৪:৪১
পাকিস্তান ক্রিকেট সাম্প্রতিক সময়ে বেশ বাজে সময় অতিবাহিত করছে। আর দলের এই ক্রমাবনতির অন্যতম কারণ হিসেবে বিদায়ী কোচ ওয়াকার ইউনুসকে দায়ী করেছেন বেশ কিছুদিন যাবত দলের বাইরে থাকা টেস্ট অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক। 
 
এক সাক্ষাৎকারে সম্প্রতি রাজ্জাক তার সাবেক অধিনায়ক ও সতীর্থের প্রতি সরাসরি আক্রমণ করে বলেছেন তার উচিত ছিল দলের এই খারাপ সময়ে অন্যের ওপর দোষ না চাপিয়ে আগে নিজে কি ভুল করেছেন সেটার ব্যাখ্যা দেয়া। রাজ্জাক বলেন,  এটা এখন আর গোপন নয় যে ওয়াকার কখনই দলের সিনিয়র খেলোয়াড়দের শ্রদ্ধা করতে চাইতেন না। সব খেলোয়াড়কে কখনই তিনি একই দৃষ্টিকোণ থেকে দেখেননি। সে কারণেই দল ধীরে ধীরে ব্যর্থ হয়েছে। খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তার অভাব তার কারণেই জন্ম নিয়েছে। দেশের হয়ে ভাল পারফর্ম করার আত্মবিশ্বাস সে কখনই খেলোয়াড়দের মধ্যে ছড়াতে পারেনি। 
 
৩৬ বছর বয়সী রাজ্জাক পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ২৬৫ ওয়ানডে ও ৩২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। ২০১৪ সালে সর্বশেষ পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নামার আগে রাজ্জাক বলেছিলেন ওয়াকারের পছন্দ-অপছন্দের কারণে দলের ভারসাম্য নষ্ট হয়েছে। 
 
প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের নিয়োগ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজ্জাক। এ সম্পর্কে তিনি বলেন, আমি তার অধীনে খেলেছি। অধিনায়ক হিসেবে তিনি যা ছিলেন সেই একই রীতি যদি এখানেও মেনে চলতে পারেন তবে সেটা পাকিস্তানের ক্রিকেটের জন্য ভাল হবে। ইনজামাম কখনই একজন খেলোয়াড়কে পরিসংখ্যান দিয়ে বিচার করতেন না। পাকিস্তানের জন্য সে কি দিচ্ছে সেই বিবেচনায় তিনি তার সাথে খেলতেন। সবসময়ই তিনি দল নির্বাচন নিয়ে বোর্ডের সঙ্গে লড়াই করেছেন।