আবার শুরু হবে এওয়ার্ড নাইট, লিগ শেষে দেয়া হবে ট্রফিও

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:২৪
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আইসিসি স্বীকৃত লিস্ট ‘এ’ লিগ।  বিগত বছরে অনেক বিখ্যাত বিদেশি ক্রিকেটারও অংশ নিয়েছেন এই লিগে।
 
তবে ২০০৮ সালের পর থেকে লিগ শেষে ক্লাবগুলোকে চ্যাম্পিয়ন, রানার্সআপ ট্রফি দেয়া হচ্ছে না বিসিবির তরফ থেকে। এবার বিগত সাত মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি একসাথে ক্লাবগুলোকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
 
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘প্রিমিয়ার লিগে সিসিডিএম থেকে কিছু কাজ বাকি রয়ে গেছে। ২০০৮ সালের পর থেকে রানারআপ এবং চ্যাম্পিয়নশিপের ট্রফিগুলা আমরা দিতে পারিনি। এবার সিসিডিএম সিদ্ধান্ত নিয়েছে এই লিগ শেষ হওয়ার পর পরই যে ট্রফিগুলো বণ্টন বাকি আছে সে সমস্ত ট্রফিগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দেয়া হবে।’
 
এছাড়াও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের সেরা পারফরমারদের পুরস্কৃত করার জন্য ‘স্পোর্টস নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি। জালাল ইউনুস বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাওয়ার্ড নাইট আবারও চালু হচ্ছে। দেশি-বিদেশি যে সকল ক্রিকেটার লিগে ভালো করেছে তাদের পুরস্কৃত করার জন্য অ্যাওয়ার্ড নাইট হবে।