চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইন্টার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৬:৩৭
স্টিভেন ইউভেতিসের জোড়া গোলে সিরিআ তে উদিনেজেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফেভারিট ইন্টার মিলান। শনিবার ইন্টারের মাঠ সান সিরোতে দুই দলের কোনোটিতেই ইতালির কোনো খেলোয়াড় শুরুর একাদশে ছিলেন না।  সিরিআতে এমন ঘটনা এবারই প্রথম।
 
তবে নিজেদের মাঠে খেলতে নেমে প্রথমে পিছিয়ে পড়ে ইন্টার। ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে তারা। পরে ৩৬তম মিনিটে তাদের সমতায় ফেরান ইউভেতিস। আর ৭৫তম মিনিটে ব্যবধান ২-১ করেন মন্টেনেগ্রোর এই ফরোয়ার্ড।
 
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্কোরলাইন ৩-১ করা গোলটি করেন ইতালিয়ান স্ট্রাইকার এদের। এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল ইন্টার। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
 
৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। ৩৪ ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা এএস রোমার পয়েন্ট ৬৮।