রিজার্ভ চুরি: ফিলিপাইনের বক্তব্যে অর্থপ্রতিমন্ত্রীর ক্ষোভ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৮:০১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফেরত দিতে ফিলিপাইনের ‘বিভিন্ন রকম বক্তব্যে’ ক্ষোভ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। রবিবার অর্থ মন্ত্রণালয়ে সম্পাদকদের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, ‘ওই যে টাকা, একবার বলে কালকে দিয়ে দিবে, আবার বলে সময় লাগবে। এটা নিয়ে আমার মনে প্রথম দিকে সন্দেহ ছিল। এখনো আমি মনে করি, দে আর প্লেয়িং।’
 
অবশ্য এটা ‘ইচ্ছাকৃত নয়’ বলে তিনি মন্তব্য করেন ফিলিপাইনের ‘সিস্টেমই এরকম’।
 
ফেব্রুয়ারির শুরুতে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থেকে ফিলিপাইনে সরিয়ে নেওয়া বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলারের ‘উদ্ধারযোগ্য’ একটি ‘বড় অংশ’ ৩০ জুনের মধ্যে ফেরত দেওয়ার আশার কথা শুনিয়েছে দেশটির সিনেট কমিটি।
 
অর্থ ফেরতের প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে দেশটির আদালতে এ বিষয়ে মামলাও হয়েছে। তবে ফিলিপাইনের সিনেট কমিটির তদন্ত অনেক এগিয়ে গেলেও বাংলাদেশ এক্ষেত্রে কী করছে এই প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ধারণা, বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু অফিসার নিউইয়র্ক, কলম্বো, ম্যানিলায় ঘোরাফেরা করছেন। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, ফিরিয়ে আনার চেষ্টা করছেন।’
 
বাংলাদেশ ব্যাংক নিয়ে এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, “উই ওয়ান্ট দেম টু অপারেট ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি। এটাও স্বীকার করতে হবে, কয়েক মাস আগ পর্যন্ত তাদের সৃজনশীলতা সম্পর্কে, তাদের অভিনবত্ব সম্পর্কে আপনারাও ভুরি ভুরি প্রশংসা করেছেন।’
 
বাংলাদেশ ব্যাংক নিয়ে তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের প্রয়োজনে অর্থনীতির শৃঙ্খলার প্রয়োজনে পৃথিবীর অন্যান্য দেশে তাই আছে। আমরা চাই আমাদের এই সেন্ট্রাল ইনস্টিটিউশনটা সেইভাবে গড়ে উঠুক।’