আইডিয়াল কলেজে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বজুড়ে মানুষের মুক্তির সংগ্রামে ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অন্যতম। রেসকোর্স ময়দানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের প্রেরণাই বাঙালিকে মুক্তিযুদ্ধ করতে শক্তি জুগিয়েছে। তাই, এই ভাষণকেই বাঙালির স্বাধীনতা অর্জনের অন্যতম পথ হিসেবে বিবেচনা করা হয়। আর এই ভাষণ নিয়েই সারাদেশের শিক্ষার্থীরা অংশ নেন রচনা প্রতিযোগিতায়। শনিবার ধানমন্ডির আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে সারাদেশে মাসব্যাপী মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

‘৭ মার্চের ভাষণ-আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক এ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। কলেজের গভর্নিং বডির সভাপতি ও আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম ও কলেজের গভর্নিং বডির সদস্য মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ।