সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।'
তিনি রবিবার সংসদে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, 'পদ্মা সেতুর ৯টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।'
সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'চলতি বছরের মার্চ পর্যন্ত এ প্রকল্পের মূল সেতু নির্মাণের ২০ দশমিক ৫ শতাংশ, নদী শাসন কাজ ১৭ দশমিক ৫০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ৬৪ দশমিক ৮৮ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ৭২ দশমিক ৮০ শতাংশ এবং সার্ভিস এরিয়া-২'র ৭৮ দশমিক ১৩ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে।'
স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।'
