ইত্তেফাক রিপোর্ট
শিল্পকলা একাডেমিতে প্রতিবছর পিঠা উত্সবের উদ্বোধন হতো তার ‘মনডায় মোর পিডা খাবার চায়’ গান দিয়ে। সদাপ্রাণবন্ত থাকতেন। সেই প্রিয়মুখ যুগান্তরের সাবেক সাংস্কৃতিক রিপোর্টার ও ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা আর নেই। রবিবার ভোরে রাজধানীর পল্লবীর বাসায় হার্টঅ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী জাকিয়া সুলতানা, ছেলে মুত্তাকিম ও মেয়ে তাবাসসুমকে রেখে গেছেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ ছাড়া ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
পারিবারিক একটি সূত্র জানায়, শনিবার রাতে এশিয়ান টিভিতে গানের অনুষ্ঠানে অংশ নেন রাজা। রাত ১১টা থেকে রাত ২টা এ লাইভ অনুষ্ঠানে ভাওয়াইয়া গানে কণ্ঠ দেন তিনি। সেখান থেকে ফেরার পর রাতে ঘুমের মাঝেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সফিউল আলম রাজার প্রতিষ্ঠা করা কলতান সাংস্কৃতিক একাডেমির একটি কক্ষেই তিনি ছিলেন। সেই বাসার বাড়িওয়ালা রশিদুন গনি জানান, রবিবার বারোটা নাগাদ কাজের বুয়া রাজার ঘরের দরজা অনেকক্ষণ পর্যন্ত টোকা দিলেও খোলা হয়নি। বুয়া সেটা আমাকে জানায়। পরে বিকাল পর্যন্ত দরজা না খোলা হলে আশপাশের কয়েকজনকে নিয়ে দরজা ভাঙা হয়। রাজাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ডাকা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজার মরদেহ তার জন্মভূমি চিলমারীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার দাফন হবে। একজন ভাওয়াইয়া শিল্পীর পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি।
