সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৩:০৬
 
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার সাক্ষী ও জেরা শুরু চলছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
 
নিহত প্যানেল মেয়র নজরুলের ভাই আবদুস সালাম, নিহত আইনজীবী চন্দন সরকারের ভাগিনা অ্যাডভোকেট অরুণাভ সরকার, এসআই আবু তালেব, নিহত জাহাঙ্গীরের ভাই আলমগীর হোসেনসহ শীতলক্ষ্যা নদীর তীর শান্তির চর এলাকার লাশ উত্তোলনের সময় প্রত্যক্ষদর্শী ফকির চান, রফিকুল ইসলাম, ইব্রাহিম, হাসেম ও ইবনে হাসান আজ সাক্ষ্য গ্রহণের তালিকায় রয়েছে।
 
এ ছাড়াও আদালত ইতিপূর্বে সাক্ষ্য প্রদানকারী নজরুলের সহকর্মী ইউসুফকে পুনরায় জেরা করার জন্য আদালতে ডেকে আনা হয়েছে। পর্যায়ক্রমে তাদের জেরা ও সাক্ষ্য গ্রহণ করা হবে।
 
সোমবার সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আসামি নুর হোসেন, র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা, মেজর আরিফসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।
 
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।