সিরিনের ২০ হাজার ডলারের ফোনে মিলবে সর্বোচ্চ নিরাপত্তা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:৩৩
আগামী মাসে নতুন একটি মোবাইল ফোন বাজারে আনার পরিকল্পনা করছে ব্রিটিশ-ইসরাইলি স্টার্টআপ সিরিন। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই ফোনে ব্যবহারকারীদের জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ফোনটি কিনতে হলে গুণতে হবে ২০ হাজার মার্কিন ডলার।  
 
নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ফোনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের জন্য আনা হচ্ছে। ডিভাইসটি উন্মোচনের জন্য ইতোমধ্যে ৭২ মিলিয়ন ডলার তহবিল তোলা হয়েছে।
 
সিরিন-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট মুসা হগেগ বলেন, ফোনটিতে সর্বাধিক উন্নত প্রযুক্তি জুড়ে দেয়া হয়েছে। এটি মিলিটারি-গ্রেডের নিরাপত্তা দেবে। ফোনটিতে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা বাজারে পাওয়া যায় না।
 
তিনি আরও জানান, ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে। এটি এমন সব বিশেষণ-উর্ধ্ব প্রযুক্তিতে চলবে, যা বাজারে আসতে দুই-তিন বছরেরও বেশি সময় লাগবে।
 
হগেগ জানান, ফোনটির দাম ২০ হাজার ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্বাহীরা ফোনটি কিনবেন বলেই বিশ্বাস তার। একবার হ্যাকিং-এর শিকার হলে এরচেয়েও বেশি অর্থ খরচ করতে হয় নির্বাহীদের।
 
হ্যাকিং থেকে বাচতে এই ডিভাইসে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম সর্বাধুনিক প্রযুক্তি থাকছে বলেও জানান হগেগ। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।