রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে বাকৃবি শিক্ষক সমিতির মানববন্ধন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৪:৩৮
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্-ই-আলম প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, রাবিতে একইভাবে তিনজন শিক্ষককে হত্যা করা হয়েছে। দেশের শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে একের পর এক শিক্ষককে হত্যা করা হলে দেশ মেধাশূণ্য হয়ে পড়বে। এ সময় শিক্ষক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও অতিদ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।
 
উল্লেখ্য, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পথে নিজ বাসভবন থেকে কাছ থেকে দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী।