‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক হত্যাযজ্ঞ’

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৫:০৮
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে একটি গোষ্ঠী। এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে এসব হত্যা বন্ধ করা সম্ভব হতো। কিন্তু দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ায় খুনিরা পার পেয়ে যাচ্ছেন।’
 
সোমবার সকালে রংপুরে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রসঙ্গত, এরশাদ দুইদিনের সফরে রংপুরে রয়েছেন।
 
এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির (এ) গঠনতন্ত্র না জেনে রওশন এরশাদ মনগড়া কথা বলছেন। জাতীয় পার্টির সুযোগ সন্ধানী নেতাদের কাছে নিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন।’
এ সময় রওশন এরশাদকে সংযত হবার আহ্বান জানান এরশাদ।
 
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরাডুবির প্রসঙ্গ টেনে  তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় নির্বাচন না হওয়ায় তার প্রার্থীদের পরাজয় হয়েছে।
 
এ সময় অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির (এ) আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার, সদস্য সচিব হোসাইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।