বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অর্ধশতাধিক

আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২১:৫৮
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৫০ নারী-পুরুষ আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
সোমবার সকালে ও রবিবার রাতে এসব সহিংসতার ঘটনা ঘটে।
 
শেখর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা জানান, নির্বাচনে ভোট দেয়া, না দেয়াকে কেন্দ্র করে তেলজুড়ী গ্রামের মো. ওবায়দুর ও মো. সালাউদ্দিন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ নারীসহ অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে ২২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন, সূর্য শেখ (৪৩), মো. বাদশা (৪০) ও নুর মোহাম্মদ (৩৫)।
 
তিনি আরো জানান, এর আগে রবিবার রাতে শেখর ইউনিয়নের রামগাতি এলাকায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে আটজনকে আহত ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই পরিবারের আহতদের মধ্যে শুকুমার বিশ্বাস (৬৫), নিলা বিশ্বাস (৬৮) ও বিরাজ বিশ্বাসকে (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
এছাড়াও উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে নির্বাচনী সহিংসতায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।
 
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।’