শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সমুদ্র বিজ্ঞান বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান স্বাক্ষরিত অনুমোদনপত্রটি গত রবিবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে।
অনুমোদন পত্রে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সমুদ্র বিজ্ঞান বিষয়ে স্নাতক কোর্স চালুর অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে সমুদ্র বিজ্ঞান বিভাগে ১ জন অধ্যাপক/সহযোগী অধ্যাপক, ২ জন প্রভাষক, ১ জন অফিস সহকারী ও ১জন এমএলএসএস নিয়োগ দেয়ার অনুমোদন দেয়া হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া শাবিতে সমুদ্র বিজ্ঞান বিভাগ চালুর উদ্যোগে নেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সমুদ্র বিজ্ঞান বিভাগ খোলার বিষয়টি পাস হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের বিশাল সমুদ্র সীমার প্রাকৃতিক সম্পদের বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে সমুদ্র বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই অভাব পুরণ করতে নতুন এই বিভাগ চালু করা হয়েছে।
