খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মেট্রিক টন ধান এরং ৬ লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার খাদ্য মন্ত্রণালয় আয়োজিত খাদ্য ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, সংগ্রহের প্রতিটি পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গম ও বোরো ধান সংগ্রহে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের সরাসরি প্রণোদনা দিতে এবং মধ্যস্বত্বভোগী ফরিয়াদের দৌরাত্ব কমাতে এবার ধান বেশি করে ক্রয় করা হবে। কৃষকরা কষ্ট করে যে ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য যেন পায় তার জন্য এবার অধিক পরিমান ধান সংগ্রহ করা হবে।
খাদ্যমন্ত্রী বলেন, এবার কৃষি মন্ত্রণালয় প্রদত্ত তালিকা অনুযায়ী স্থায়ী কৃষকের নাম, আইডি কার্ড, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের দ্বারা প্রত্যয়নকৃত জমির খতিয়ান নং, জমির আয়তনের ভিত্তিতে উৎপাদনের পরিমান এসবের ভিত্তিতে একাউন্ট পে চেক হবে। চেক প্রদানের পূর্বে উল্লেখিত সবকিছু যাচাই করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
তিনি বলেন, কৃষকদের নিরুৎসাহিত করার প্রবণতা পরিহার করে ফরিয়াদের কাছ থেকে ধান কেনার যে সিস্টেম চালু আছে তা বন্ধ করতে হবে।
সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এ সমস্ত কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা প্রকাশ্যে এবং গোপনে মন্ত্রণালয় এবং খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করা হবে।
উল্লেখ্য ২৩ টাকা দরে ধান এবং ৩২ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৫ মে থেকে শুরু হয়ে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, খাদ্য সচিব এ.এম বদরুদ্দোজা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ সহ মন্ত্রণালয়, অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রকগণ।
