ঢাকা প্রিমিয়ার লিগের প্রচারণায় বিডিক্রিকটিম ডটকমের সঙ্গী হলো ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল। সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে আজকের ডিল কার্যালয়ে এনিয়ে দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিডিক্রিকটিম ডটকমের প্রধান নির্বাহী জাবেদ আলী শাওন ও আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।
জাবেদ আলী শাওন বলেন, ‘দেশ-বিদেশের ক্রিকেটের সর্বশেষ আপডেট জানাতে আমরা কাজ করে যাচ্ছি। ছোট্ট একটি টিম নিয়ে আমরা কাজ করছি। আমাদের উদ্যোগের সঙ্গে আজকের ডিলের মত প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। আশাকরি ভবিষ্যতের আমাদেরকে তাদের সহযোগিতা অব্যহত থাকবে।’
আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘আজকের ডিল ক্রিকেট বান্ধব প্রতিষ্ঠান। আমরা সবসময় ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। আমাদের ক্রিকেটাররা বাংলাদেশকে যেভাবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিচ্ছে তাতে আমরা সত্যিই গর্বিত।’
এই চুক্তির আওতায় ঢাকা প্রিমিয়ার লিগের বিভিন্ন সংবাদ, ছবি ও ভিডিও প্রচারের ক্ষেত্রে বিডিক্রিকটিম.কম আজকের ডিলের লোগো ব্যবহার করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপিসহ বিডিক্রিকটিম ডটকম, আজকের ডিল ও বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) এর কর্মকর্তারা।
