রেকর্ড গড়ে টানা পঞ্চমবারের মতো ইতালিয়ান সিরি আ লিগের শিরোপা জয় করেছে জুভেন্টাস। তিন ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিশ্চিত হলো তাদের। সোমবার রাতে এ এস রোমার বিপক্ষে নেপোলি ১-০ গোলে হারায় এখনই শিরোপা জয়ের উৎসবে মেতে উঠল জুভেন্টাস।
নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙ্গল জুভেন্টাস। ১৯৩৫ সালের পর আবারও টানা পাঁচ শিরোপা জয়ের গৌরব অর্জন করল মাসিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। রবিবার রাতেই স্বাগতিক ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায় জুভেন্টাস। গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দক্ষতায় তারা এ ম্যাচে ৩ পয়েন্ট অর্জনে সক্ষম হয় এটা বলতেই হবে। আলভারো মোরাটার জয়সূচক গোলের পর ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের পেনাল্টি শটটি দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন বুফন। তাতেই দল জয়ের পথে হাঁটে।
রবিবারের ম্যাচে জয়ের পরে শেষ ৩ রাউন্ডে ১ পয়েন্ট পেলেই শিরোপা তাদের হতো। তবে সোমবার রাতে রোমার মাঠে নেপোলি জিততে ব্যর্থ হওয়ায় আর ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হলো না তাদের। এদিনের ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করতে হয় নেপোলিকে। ম্যাচের ৮৯ মিনিটে স্বাগতিক দলের হয়ে গোলটি করেন মোহাম্মদ সালাহ। ফলে এই এক গোলেই রোমার বিপক্ষে নেপোলি ১-০ গোলে হেরে যায়।
এবারের আসরের শুরুটা ভাল না হলেও শেষ পর্যন্ত শিরোপা জয় করে নিল জুভেন্টাস।
