সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছিলেন ওয়ানডে র্যাংকিংয়ে প্রথমবারের মতো ৫ নম্বরে উঠেছে বাংলাদেশ। কিন্তু তখনও আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছিলো সাতে। বলা হয়েছিল আনুষ্ঠানিক ঘোষণা আসতে একটু সময় লাগবে। তাই তৈরি হয় ধোঁয়াশা।
তবে ক্রিকেট বিষয়ক সবচেয়ে বড় ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, ২ মে প্রকাশিত হতে যাওয়া ওয়ানডে র্যাংকিংয়ে ৭ নম্বরেই থাকছে বাংলাদেশ! মঙ্গলবার বাংলাদেশের র্যাংকিং নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
প্রতিবেদনে জানানো হয়, মূলত ওয়ানডে র্যাংকিং গণনা করা হয় তিন মৌসুমের চক্রকে মিলিয়ে। কিন্তু নাজমুল হাসান পাপন যে বিষয়কে মাথায় রেখে কথাটি বলেছিলেন সেটি সম্ভব হবে দুটি মৌসুমের পারফরম্যান্সকে মাথায় নিলে!
এখন ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ মেয়াদের চক্র চলছে। এই পুরো মেয়াদের পরিসংখ্যান হিসাব করে যখন আগামী ২ মে নতুন র্যাংকিং প্রকাশ করা হবে, সেখানে বাংলাদেশ ৫ নম্বরে নয়, থাকবে ৭ নম্বরেই। কারণ ২০১৪-২০১৫ মৌসুমে সাফল্য থাকলেও বাংলাদেশের ২০১৩-১৪ মৌসুমটিতে তেমন সাফল্য ছিল না। আর ২০১৩-১৪, ২০১৪-১৫ মৌসুমের ফলাফলের পয়েন্টের ৫০ শতাংশ মাথায় নেওয়া হবে। আর ২০১৫-১৬ মৌসুমের নেওয়া হবে শতভাগ।
২০১৯ বিশ্বকাপে খেলার জন্য ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দল সরাসরি সুযোগ পাবে। স্বাগতিক ইংল্যান্ড যদি শীর্ষ আটের বাইরে থাকে, সেক্ষেত্রে সুযোগ পাবে ইংল্যান্ড ও শীর্ষ সাত দল। তখন বিবেচনায় আসবে ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুম।
শুধুমাদ্র ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ মৌসুমকে বিবেচনায় আনলেই বাংলাদেশের ৫ নম্বরে আসা সম্ভব। কিন্তু সেটা হচ্ছে না। তাই সাত নম্বরেই থাকছে বাংলাদেশ। ক্রিকইনফো
