জুলহাস ও তনয়ের হত্যাকান্ডে জার্মানি'র নিন্দা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:৪১
বাংলাদেশে নিযুক্ত জার্মানীর রাষ্ট্রদূত ড. টমাস প্রিন্জ গতকাল ঢাকায় জুলহাস মান্নান ও মাহবুব তনয়ের নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
 
মঙ্গলবার এক বিবৃতিতে টমাস বলেন, 'গতকাল জুলহাস মান্নান ও মাহবুব তনয়ের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আমি খুবই মর্মাহত।' তিনি আরও বলেন, 'এটি কেবল দুজন সাহসী ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি এদেশে বাক স্বাধীনতার ওপর একটি হামলা।'
 
জার্মান রাষ্ট্রদূত এটি দ্রুত ও ব্যাপক তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আমরা বিগত মাসগুলোতে এই ধরণের আরো অনেক ঘটনা দেখেছি। বাক স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষা এবং এ ব্যাপারে পুরো সমাজের রুখে দাঁড়ানোর এখনই সঠিক সময়।'
 
ইউএসএইড এর স্থানীয় কর্মী জুলহাস এবং তার বন্ধু তনয়কে সোমবার বিকালে অজ্ঞাত দুস্কৃতিকারীরা রাজধানীর কলাবাগান এলাকায় তাদের ফ্লাটে কুপিয়ে হত্যা করেছে।