ডিপিএলে সাইফ ও সালমানের সেঞ্চুরি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫৪
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তামিম ইকবাল ও নাসির হোসেন সেঞ্চুরি না পেলেও তরুণ ক্রিকেটার সাইফ হাসান আর সালমান হোসাইন ঠিকই তাদের সেঞ্চুরি তুলে নিয়েছেন। কিন্তু তাদের অসাধারণ সেঞ্চুরির পরও জিততে পারেনি ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ৫ রানে জিতে নিয়েছে ম্যাচটি।
 
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের দলপতি শুভাগত হোম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৪৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে প্রাইম ব্যাংক ২৫৭ রান সংগ্রহ করে।
 
জবাবে, সাইফ হাসান আর সালমান হোসেনের শতকের পরও নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানে থেমে যেতে হয় রাজিন সালেহর নেতৃত্বে খেলা তারুণ্যনির্ভর ক্রিকেট কোচিং স্কুলকে।
 
প্রাইমের ওপেনার মেহেদি মারুফ ১৯ ও সিনাজ আহমেদ ৩৬ রান করে আউট হন। লঙ্কান তারকা দিলশান মুনাবেরা ৪ রান করে বিদায় নেন। টাইগারদের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১৬ রান। দলপতি শুভাগত হোম করেন ১৪ রান।
 
তবে, মিডল অর্ডারে নামা তাইবুর রহমান ৭২ বলে ৪টি চার আর একটি ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৫৩ রান। নুরুল হাসান সোহান করেন ১৪ রান।
 
ক্রিকেট কোচিংয়ের হয়ে তিনটি উইকেট নেন ১০ ওভারে ৪৫ রান দেওয়া নাসুম আহমেদ। আর দুটি করে উইকেট দখল করেন মোহাম্মদ সাইফুদ্দিন, রিফাতুজ্জামান ও সালেহ আহমেদ শাওন।
 
২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার উত্তম সরকার(৫) এবং পিনাক ঘোষ(৭) দ্রুতই সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা সাইফ হাসান ১৪১ বল মোকাবেলা করে ৭টি চার আর তিনটি ছক্কায় ১০০ রান করে বিদায় নেন। আর চার নম্বরে ব্যাটিংয়ে আসা সালমান হোসেন ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ১১০ রান। তার ১৩৭ বলে সাজানো ইনিংসে ছিল ৮টি চার আর তিনটি ছক্কার মার।