ইত্তেফাক ডেস্ক
২০১৪ সালে ক্ষমতায় আসার পর একাধিকবার নিজেকে চৌকিদার বলে উল্লেখ করতে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এবার নামের সঙ্গেও ‘চৌকিদার’ জুড়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডলের নাম বদলে ‘চৌকিদার নরেন্দ্র মোদি’ করেছেন তিনি। সেই দেখে কেন্দ্রীয় মন্ত্রীরাও নিজ নিজ টুইটার হ্যান্ডল বদলে ফেলেছেন।
শুরুতে নিজের টুইটার হ্যান্ডল অপরিবর্তিতই রেখেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি। তবে গতকাল রবিবার দুপুর সাড়ে ৩ টা নাগাদ তিনিও নামের আগে চৌকিদার শব্দটি বসিয়ে নেন। তার কিছুক্ষণের মধ্যে টুইটারে নামের সঙ্গে চৌকিদার জুড়ে নেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর একাধিকবার নিজেকে চৌকিদার বলে উল্লেখ করতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে মোদিকে। রাফাল দুর্নীতি নিয়ে তাকে আক্রমণ করতে তাই ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান বেছে নিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তার পাল্টা হিসেবে সমপ্রতি #ম্যায় ভি চৌকিদার ট্রেন্ড শুরু করেন মোদি। টুইটারে লেখেন, আমি একা নই। দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন যারা, তারা সকলেই চৌকিদার। তারপর রবিবার আচমকাই টুইটার হ্যান্ডলে নিজের নাম বদলে ফেলেন মোদি। তাকে দেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রেলমন্ত্রী পীযুস গয়াল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগতপ্রকাশ নাড্ডাও টুইটারে নিজেদের নামের আগে চৌকিদার বসিয়ে নেন। - আনন্দবাজার পত্রিকা
