ইত্তেফাক রিপোর্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, বিদ্যুত্ ও গ্যাসের মূল্যবৃদ্ধি বিএনপি মানবে না। এদেশের মানুষও মেনে নেবে না। এর বিরুদ্ধে আমাদের সাধ্য মতো প্রতিবাদ করবো।
গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রতিবেদনে সঠিক চিত্রটা বেরিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার যে সেল আছে, তাদের রিপোর্টে শুধু নয়, সারাবিশ্বের সমস্ত মিডিয়া যেমন আল-জাজিরা বলেন, সিএনএন বলেন, বিবিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস প্রত্যেক পত্রিকা এই নির্বাচন যে শুধু হয়নি সেটা খুব পরিষ্কার করে তারা বলেছে। তারা স্পষ্ট বলেছে, এ নির্বাচনে জনগণের যে ইচ্ছা ও মতামতের প্রতিফলন ঘটেনি এবং ভোটই দিতে পারেনি— এর বিভিন্ন চিত্রও তারা তুলে ধরেছে। ভারতীয় পত্র-পত্রিকাগুলোতে দেখেছেন যে, সেখানে কিন্তু এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি তা তুলে ধরা হয়েছে, মতামত ব্যক্ত করা হয়েছে। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। এদেশে যে নির্বাচন হয়নি—এটা তো আমরা বাংলাদেশের মানুষ জানি। বাংলাদেশের মিডিয়ার উপরে একটা প্রচণ্ড সেন্সরশীপ আছে। আমরা মিডিয়ার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, আমরা ধন্যবাদ জানাই এতো বিরূপ পরিবেশের মধ্যেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে সেই স্বাধীনতা দিবস যখন উদযাপন করতে চলেছি, তখন মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছে। যার স্বামী ২৬ শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাকে আজ অন্ধকার কারাগারে কারাভোগ করতে হচ্ছে। আজ যখন স্বাধীনতা দিবস পালন করতে যাব, তখন হাজার হাজার নিরপরাধ মানুষকে বন্দি করে রাখা হয়েছে। লক্ষাধিক গায়েবি মামলায় ২৬ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে।
