দেশের অন্যতম আইটি কনসাল্টিং ও তথ্যপ্রযুক্তি কোম্পানি ই-জেনারেশন লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক তথ্যপ্রযুক্তি কোম্পানি স্পাইডার ডিজিটাল ইনোভেশন্স এ সঙ্গে দেশের সাইবার নিরাপত্তায় অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
সম্প্রতি উভয় প্রতিষ্ঠান এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।
ই-জেনারেশন লিমিটেডের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মনোয়ার হোসাইন খান এবং স্পাইডার ডিজিটাল ইনোভেশন্সের প্রধান উদ্ভাবন কর্মকর্তা কাজী মনিরুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান এবং অপারেশন প্রধান এমরান আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
শামীম আহসান বলেন, বাংলাদেশে বিশ্বমানের সিকিউরিটি সল্যুশন্স বিশেষ করে সাইবার সিকিউরিটি সল্যুশন্স দিতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। স্পাইডার ডিজিটাল ইনোভেশন্সের সংযুক্ত আরব আমিরাতে কাজের অভিজ্ঞতা বাংলাদেশের ক্ষেত্রেও ইতিবাচক ভ’মিকা রাখবে। এরই অংশ হিসেবে আগামী ২৮মে ই-জেনারেশন এবং স্পাইডার ডিজিটাল ইনোভেশন্সের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে (বাইসেক) শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ই-জেনারেশনের আন্তর্জাতিক সিকিউরিটি কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার এ প্রক্রিয়া বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানসমূহের তথ্য প্রযুক্তি খাতের নিরাপত্তায় নতুন যুগের উন্মোচন করবে।
স্পাইডার জিজিটাল ইননোভেশন্সের উদ্ভাবন কর্মকর্তা এবং গুগল বাংলাদেশের সাবেক প্রতিনিধি কাজী মনিরুল কবীর বলেন, সাইবার নিরাপত্তা সেবা দিতে ই-জেনারেশনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে ইনফরমেশন সিকিউরিটি নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। প্রত্যাশা করছি, ই-জেনারেশনের সঙ্গে যৌথভাবে ইনফরমেশন সিকিউরিটি সেবায় গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দিতে পারব।
