ইংলিশ ফুটবলের বর্ষসেরা লিস্টারের মাহরেজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২০:৩২
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লিস্টার সিটি। ক্লাবটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কারটাও পেয়ে গেলেন রিয়াদ মাহরেজ। ইংলিশ ফুটবলে চলতি মৌসুমের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেছেন ২৫ বছর বয়সী এ আলজেরিয়ান উইঙ্গার।
 
লন্ডনের গ্রসভেনর হোটেলে জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমের সেরা খেলোয়াড়ের ট্রফি হাতে নেন মাহরেজ।  লিস্টারের হয়ে দুর্দান্ত এক মৌসুম উপভোগ করছেন তিনি। এখন পর্যন্ত ৩৪টি লিগ ম্যাচে ১৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১১টি।
 
প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশন পিএফএ বর্ষসেরা হওয়ার দৌড়ে টটেনহামের হ্যারি কেন, ওয়েস্ট হামের দিমিত্রি পায়েত, আর্সেনাল তারকা মেসুত ওজিল, দুই ক্লাব সতীর্থ এন গোলো কান্তে ও জ্যামি ভার্ডিকে পেছনে ফেলেন মাহরেজ। 
 
এছাড়া বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জেতেন পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা টটেনহামের ডেলি আলী। স্পারসের জার্সিতে ১০টি গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করে দুর্দান্ত মৌসুম পার করছেন ২০ বছর বয়সী এ ইংলিশ মিডফিল্ডার।
 
বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরুপ পিএফএ মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস। বর্তমানে তিনি রেড ডেভিলসদের কোচ লুইস ফন গালের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।