সুনামগঞ্জ প্রতিনিধি
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া (৪৭) মারা গেছেন। রবিবার রাত ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের লাল মিয়ার পুত্র।
আজাদ মিয়ার স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাত ১০টা সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সালহীন চৌধুরী শুভ বলেন, ২০১৮ সালে সদর উপজেলার উপজেলার দেখার হাওরের ৬টি অপ্রয়োজনীয় প্রকল্পের বিরুদ্ধে সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটিকে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠায়। মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি পক্ষ তার উপর ক্ষুব্ধ ছিল।
