‌‘আইনি সহায়তা সেবার নেতৃত্ব সুপ্রিম কোর্ট থেকেই দিতে চাই’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:১৬
 
গরিব ও অসচ্ছ্বল বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা সেবা কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
 
তিনি বলেন, যে আইনি সহায়তা সেবা দেয়া হচ্ছে তাতে অনেক সমস্যা থাকবে। আমরা সেসব সমস্যাগুলো সমাধান করে এই আইনি সহায়তা সেবা দেব। এই আইনি সহায়তা সেবার নেতৃত্ব সুপ্রিম কোর্ট থেকেই আমরা দিতে চাই।
 
বুধবার সুপ্রিম কোর্টে সরকারি আইন সেবা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এম ইনায়েতুর রহিম এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, সিনিয়র সাংবাদিক ও ল রিপোর্টার্স ফোরামের সাবেক তিন সভাপতি কাজী আবদুল হান্নান, সালেহউদ্দিন ও এম বদিউজ্জামান বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, মার্চ মাসে আমি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছি। কমিটির আইনি সহায়তা সেবা দেয়া সেবাধর্মীমূলক কাজ। সেবা দেয়ার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে এবং সমস্যা সমাধানে যেসব পরামর্শ দেয়া হয়েছে সেগুলো আমরা গ্রহণের চেষ্টা করব।
 
সৈয়দ আমিনুল ইসলাম বলেন, গত আট মাসে ১৭১ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। এজন্য একেক জন আইনজীবীকে আড়াই হাজার টাকা সম্মানি দেয়া হয়েছে। এই সরকারি সেবা যেসব আইজীবীদের মাধ্যমে দেয়া হচ্ছে তাদের সম্মানি বাড়ানোর পরামর্শ দেন তিনি।