জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে ধর্মঘট পালন করছে ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক জোট।
বুধবার সকালে আন্দোলনকারীরা ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ক্যাম্পাস থেকে কোনো বাস ঢাকার দিকে যেতে পারেনি। এছাড়া বিভিন্ন অনুষদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হচ্ছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুসহ সকল গুম, হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে সোমবারের হরতালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে প্র্রক্টর তপন কুমার সাহার ইন্ধনে শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়।
এর প্রতিবাদে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের কর্মীরা।
প্রগতিশীল ছাত্রজোটের নেতা ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, প্রক্টরের সবুজ সংকেত ছাড়া এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা সম্ভব নয়।
এদিকে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। তাই এর বেশিকিছু বলা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, সোমবার হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেসময় পুলিশের পিটুনিতে ২০জন আহত হন।
