যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দুর্বৃত্তরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাত্ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বার্নিকাট। তিনি সাংবাদিকদের বলেন, যে ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটছে তা পুলিশ বা সরকারের একার পক্ষে সামাল দেয়া সম্ভব নয়, কারও পক্ষেই একা তা সম্ভব না। জয়েন্টলি কাজ করতে হবে, যুক্তরাষ্ট্র কাজ করতে চাচ্ছে।
সোমবার কলাবাগানের লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় ইউএসএআইডি বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে। এর দুইদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে তার বাড়ির কাছে একই কায়দায় হত্যা করা হয়।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। উনি (বার্নিকাট) আপনাদের কী বলেছেন আমি দেখেনি। কিন্তু তিনি আমার কাছে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।
