বগুড়ার সাতমাথায় বিলবোর্ডে জাতীয় শ্রমিক লীগের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সহিদ হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি শহরের মালগ্রাম এলাকার চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের সাতমাথায় জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন একটি বিলবোর্ডে পুরাতন ব্যানার খুলে জাতীয় শ্রমিক লীগের নতুন ব্যানার টানানোর সময় সহিদের শরীর বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি তারের ওপর ঝুলতে থাকেন। একপর্যায়ে বিদ্যুত্ লাইন বন্ধ করে সহিদের সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে অনেকগুলো বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বাণিজ্যিকভাবে এসব বিলবোর্ড স্থাপন করা হলেও কয়েক বছর যাবত এসব বিলবোর্ডের দখল চলে গেছে ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগি সংগঠনের দখলে । এসব বিলবোর্ডে নেতাদেও ছবি সংবলিত শুভেচ্ছা বাণী দিয়ে ব্যানার টানানো হয়েছে। এসব বিলবোর্ডেল কারণে ঐতিহ্যবাহী জিলা স্কুলের পুরোটাই ঢেকে গেছে। এছাড়া বিলবোর্ডের গা ঘেঁষে বিদ্যুতের তার টানানো রয়েছে।
