স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'পরিকল্পিত হত্যা মামলাগুলো মনিটরিং করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (রাজনৈতিক) নেতৃত্বে মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং এটি ২৪ ঘন্টা কাজ করবে।'
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষে নিজ দফতরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। মন্ত্রী বলেন, 'সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।'
জুলহাস মান্নান ও তনয় হত্যাকান্ড বিষয়ে মন্ত্রী বলেন, 'মার্কিন রাষ্ট্রদূত এই হত্যাকান্ডে উদ্বেগ জানিয়েছেন। আমি তাকে বলেছি আপনার দেশেও বাংলাদেশের দম্পতিকে নির্মমভাবে খুন করা হয়েছে। শুধু বাংলাদেশেই নয় সব দেশেই সন্ত্রাস হচ্ছে। আসুন আমরা একসঙ্গে সন্ত্রাস মোকাবিলা করি। তথ্য আদান-প্রদানসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস মোকাবিলায় মার্কিন রাষ্ট্রদূত সম্মত হয়েছেন।'
সংবাদ সম্মেলনে কামাল জানান, "জুলহাজ ও মাহবুবকে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা 'আনসার আল ইসলাম'-এর বিবৃতির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত নয়।"
ব্লগার-লেখক-প্রকাশকসহ বিভিন্ন হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা এটাও তাদের (মার্কিন রাষ্ট্রদূত) জানিয়েছি যে, ৩১টি খুনের প্রত্যেকটির সন্দেভাজন ব্যক্তিকে আমরা সনাক্ত করেছি। এসব মামলার আসামীদের অনেককে আটক করা হয়েছে। তাকে এও জানিয়েছি, এসব হত্যাকান্ড যারা ঘটিয়েছে তারা দেশি। তারা কোনো দেশের জন্যই নিরাপদ নয়। তাই তাদের বিষয়ে যতটা পারেন সহযোগিতা করেন।"
