ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমাদ স্ট্রোক করলে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। গত রবিবার ভোরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। তার চিকিত্সক জানিয়েছেন শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি এখন শঙ্কামুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানিয়েছেন নাসরিন আহমাদ নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং তিনি স্ট্রোক করেন। পরে ডাক্তারের পরামর্শে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপ-উপাচার্যকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রবিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে অসুস্থ অবস্থায় অধ্যাপক নাসরিন আহমাদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। ড. নাসরীন আহমাদ এর মা বাংলাদেশর প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা এবং স্বামী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
