ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি: ৩১ জনের বিরুদ্ধে ১৭ মামলা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১১:৪০
কুষ্টিয়ার ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতির দায়ে ৩১ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১৭টি মামলা করেছে দুদক। 
 
মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তারা হলেন- কুষ্টিয়ার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বর্তমানে উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মাগুরায় কর্মরত খন্দকার আজিম আহমেদ, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সিনিয়র সহকারী কমিশনার রাজশাহী মোকলেছুর রহমান, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সহকারী কমিশনার (ভূমি) লৌহজং, মুন্সীগঞ্জ আবুল কালাম, সাবেক কানুনগো রেজাউল করিম বর্তমানে অতিরিক্ত ভূমি দখল কর্মকর্তা যশোর এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত সার্ভেয়ার রবিউল ইসলামসহ সহযোগী আরো ২৬ ব্যক্তি।  
 
তাদের বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে ২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৬৫৯ টাকা দুর্নীতি করে আত্মসাতের অভিযোগ এনে দুদক ১৭টি মামলা করেছে কুষ্টিয়া মডেল থানায়।
 
গত মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক আব্দুল গফ্ফার চৌধুরী বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।