বোমা ফাটিয়ে শিশু অপহরণের চেষ্টা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৩:০৭
 
গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে বোমা ফাটিয়ে শিশু অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে রামকৃষ্ণপুর (খালধলা) হঠাৎ পাড়া এলাকায় তালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল সিফাতের বাড়িতে ঢুকে তার ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তুহিন হোসেনকে অপরহণ করে নিয়ে চলে যায়।
 
এ সময় গ্রামবাসীরা খবর পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। ধাওয়া করলে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ করে তুহিনকে দৌলুতগাড়ি মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
 
তুহিনের বাবা আবু তালেব স্থানীয় একটি রাইস মিলের শ্রমিক। এর আগেও প্রায় ১৫ দিন আগেও তালেবের বাড়িতে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। 
এ নিয়ে আবু তালেব একই গ্রামের মোজাম আলীর ছেলে মন্টু হোসেনের নামে একটি মামলা করেছিলেন। মামলাটি গত সোমবার স্থানীয়ভাবে মিমাংসা হয়। গ্রাম্য শালিস বৈঠকে মন্টু হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছিলেন কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও শালিস বৈঠককারীরা। 
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।