বিএনপি জাতীয় স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারা দেশে গুম-খুন হচ্ছে তা সব কিছু সরকারের ইশারায় হচ্ছে বলে জনগণ মনে করে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রোগমুক্তি এবং ঝিনাইদহ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ দোয়া মাহফিলের আয়োজন করে খুলনা বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
তিনি বলেন, গুম-খুনের সাথে নাকী বিএনপি-জামায়াত জড়িত। তাহলে পুলিশ বাহিনী কি করেন? সরকারের এসব চাপাবাজি জনগণ ভালভাবেই বুঝেন।
সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেয়া যায় না। আপনারা সংগঠিত আছেন। আরো সংগঠিত হন।
