পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে কাফনের কাপড়

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৪:০০
নাসিরনগরে এক আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নে জানে আলম ভুইয়া সায়েমের বাড়িতে।
 
পরিবারের লোকজন ও পুলিশ জানায়, কে বা কারা রাতে জানে আলম ভুইয়ার বাড়িতে কাফনের কাপড় রেখে যায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির ঘরের বারান্দার গেইটের ভিতরে কাফনের কাপড় দেখতে পায়। তা দেখে পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড় থানায় নিয়ে আসে। 
 
নাসিরনগর থানার এএসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
  
উল্লেখ্য, ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জানে আলম ভুইয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নিবার্চনে বিএনপির প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন বিজয়ী হন।