আচরণবিধি লঙ্ঘন

ডোমারে দুই চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৪:৫০
 
চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারীর ডোমার ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা আদায় করেছে ভ্র্যাম্যমাণ আদালত। প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আদায় করা হয়।
 
বুধবার সন্ধ্যায় আদালতটি পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: সাবিহা সুলতানা। তারা হলেন-ডোমার সদর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী মো: হাফিজুল ইসলাম ও একই ইউনিয়নের জামায়াত সমর্থিত চশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী মো: খন্দকার মাহমাদুল হক।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ঐ দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বড় আকারে রঙিন ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালিয়েছে। একারণে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।