এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তাজিকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়টি ৯-০ গোলের।
আগের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের জালে ৯ গোল করলেও নিজেদের জাল অক্ষত রাখে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি। ভারতকে ৩-১ গোলে হারিয়ে এই আসরে শুভসূচনা করেছিল মার্জিয়ারা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠল বাংলাদেশ।
দ্বিতীয় মিনিটে মার্জিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্দশ ও ৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই অধিনায়ক। ১৭, ২৮ ও ৩৮ তম মিনিটে গোল করে এর আগে হ্যাটট্রিক করেন মগিনি। তহুরা খাতুন দুটি ও সাজেদা খাতুন একটি গোল করেন। নেপালে গত আসরের ফাইনালে স্বাগতিকদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল।
