ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে নির্বাচনী ক্যাম্পে আওয়ামী লীগ প্রার্থীর বড় ভাইকে খুনের প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে আধা ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাজাহান মোল্যা সভাপতিত্ব করেন।
এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাধ রায়, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মতিয়ার রহমান খান বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে খুনিদের শাস্তি দেয়ার দাবি জানান। এ সময় বক্তারা অঙ্গীকার করেন, যতদিন এই খুনিদের ফাঁসি না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৭ মে চতুর্থ দফা নির্বাচনকে সামনে রেখে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগাট ইউপি বিএনপি প্রার্থী আ. রহিম ও তার ভাই ইউনুস ফকিরের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা বাগাট বাজারে আওয়ামী লীগ প্রার্থীর অফিসে হামলা চালায়। হামলায় ওই ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মতিয়ার রহমানের বড় ভাই আতিয়ার রহমান খান খুন হন। আহত হন আরো ১০জন। আহতরা বর্তমানে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
