বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পিকনিকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বন্ধুদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র রুমান মিয়া (২৩) মারা গেছেন।
বুধবার গভীর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রুমানের মৃত্যু হয়। রুমান উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া গ্রামের পিন্টু মন্ডলের ছেলে এবং সৈয়দ আহম্মেদ কলেজের মস্টার্স ১ম বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় আহত হয়ে রুমানের বন্ধু সৌখিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সৌকিন একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, ইউপি নির্বাচনের পর বিজয়ী স্থানীয় মেম্বার প্রার্থীরা গ্রামে তাদের কর্মীদের পিকনিক করার জন্য ২০ হাজার টাকা দেন। পিকনিকের পর রুমান ও সৌখিনের কাছে অন্য বন্ধুরা পুরো টাকার হিসাব চায়। শনিবার রাত ১০টার দিকে হিসাব নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রুমান, সৌখিন ও সাহেদকে অপর বন্ধুরা ছুরিকাঘাত করে। এদের মধ্যে সাহেদ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও রুমান ও সৌখিনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রুমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে রুমান মারা যান।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়। ওই মামলা এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
