হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুকুরের ডুবে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম খান (৩৫) সোনালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখায় ক্যাশ কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে এ ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়াসি গ্রামের বাসিন্দা মৃত মো. আজমত আলী খানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম তার সহকর্মী জাহিদ ও হাফিজুরের সঙ্গে স্টাফ কোয়ার্টারের পুকুরে গোসল করতে যান। এ সময় ইব্রাহীম পুকুরে ডুব দিয়ে মধ্য পুকুরে গিয়ে ভেসে উঠেন। দ্বিতীয় ডুবে পুকুরের অপর পাড়ে পৌঁছানোর কথা থাকলেও তিনি আর ভেসে উঠেননি। স্থানীয়রা ১০ মিনিট খোঁজাখুঁজির পর অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
