সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, 'আলোকিত মানুষ গড়তে না পারলে অন্ধকার শক্তি বারবার হানা দিবে। যেমনটি বর্তমানে দিচ্ছে। তারা দেশের, বুদ্ধিজীবীদের, শিক্ষকদের হত্যা করছে। এ জন্য আলোকিত মানুষ গড়তে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।'
দেশের জেলা, উপজেলা ও বিভাগীয় গণগ্রন্থাগারগুলোতে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশিত প্রায় ৪০ হাজার শিল্পসামগ্রীর সফল হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার হোটেল সোনারগাঁয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। এতে আরো বক্তৃতা করেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
বাংলাদেশের উদার সংস্কৃতির ভাবধারা নষ্ট করতেই এ অপশক্তি একের পর এক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের আর বিলম্ব করার সময় নেই। এখনই অন্ধকার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
দেশের গণগ্রন্থাগারগুলোতে চিত্রকলা ও শিল্প-সংস্কৃতির বই তেমন নেই উল্লেখ করে নূর বলেন, 'বেঙ্গল ফাউন্ডেশনের শিল্পসামগ্রী হস্তান্তরের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ের পাঠকদের বই পড়া ও সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলবে।'
তিনি বেঙ্গল থেকে প্রকাশিত ৮টি ম্যাগাজিন ও 'জল পড়ে পাতা নড়ে'র ব্রেইল সংস্করণও গ্রন্থাগারগুলোতে প্রতিনিয়ত পাঠানোর জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। পাঠকের সংখ্যা আগের তুলনায় বেড়েছে, তবে তা যথেষ্ট নয় উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, 'এ জন্য পাঠাগারগুলোকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে বই পাঠকের কাছে পৌঁছে দিতে হবে, না হয় পাঠককে গ্রন্থাগারে নিয়ে আসতে ভূমিকা রাখতে হবে।'
