স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার দায়িত্ব চান ডোনাল্ড

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৯:৪৩
স্থায়ীভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেতে চান দক্ষিণ আফ্রিকান গ্রেট অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়া দলের আসন্ন শ্রীলংকা সফরে খন্ডকালীন দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার ডোনাল্ড বলেছেন, পূর্ণ সময়ের জন্য বা স্থায়ীভাবে দায়িত্ব নিতে চেয়েছিলেন তিনি।
 
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রেইগ ম্যাকডারমট বোলিং কোচের পদত্যাগ করলে তার স্থলে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক পেসার ডোনাল্ডকে নিয়োগ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ )। ইতোপুর্বে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব পালন করা ডোনাল্ড বলেন, তাকে পূর্ণকালীন দায়িত্বের প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি আছেন। খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৩০ টেস্ট ও ২৭২ ওয়ানডে উইকেট শিকারী ডোনাল্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইটকে বলেন, ‘ দীর্ঘ সময়ের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হলে অবশ্যই আমি তা সাদরে গ্রহণ করব।
 
প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেন, আগামী জুলাই-সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দলে ডোনাল্ডের সেবা নিশ্চিত হওয়া অনেক বড় ব্যাপার। লেহম্যান বলেন, বিশাল অভিজ্ঞতা নিয়ে তিনি আসবেন এবং এবং আমাদের ছেলেরা তা থেকে অনেক বেশি উপকৃত হবে। তার টেস্ট রেকর্ডই কথা বলে এবং নিঃসন্দেহে নিজের প্রজন্মে তিনিই সবচেয়ে শক্তিশালী বোলারদের একজন। এএফপি।