রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে এবং মৌলবাদের শিকড় উৎপাটনের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি কর্মবিরতিসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১ মে থেকে ৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী সাংস্কৃতিক সপ্তাহ, ২ মে বিশ্ববিদ্যালয় হাদী চত্বরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আহূত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন এবং ৪ মে চ্যান্সেলর (আচার্য) বরাবর স্মারকলিপি প্রদান এবং নগরীর শিববাড়ি মোড় থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত আলোর মিছিল।
সংবাদ সম্মেলনে ‘দেশে চলমান মৌলবাদী অপচেষ্টার শিকড় উৎপাটনের লক্ষ্যে ও অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডসহ বিগত সময়ে মৌলবাদীদের ঘৃণ্য তৎপরতায় সংঘটিত সকল হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারের মধ্য দিয়ে সর্ব্বোচ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।’
এ সময় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহানসহ সমিতির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
